সোমবার সারাদিন যা যা হলো
- জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে এক রিপোর্টে বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ২০২৫ সালে ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে।
- তফসিল ঘোষণার পর থেকে ২৭৪টি সহিংস ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় হত্যাকাণ্ডের শিকার হয়েছে পাঁচ জন, প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে ৮৯টি সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে, প্রার্থীর ওপর হামলা ঘটনা ঘটেছে ১৫টি।
- গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাফিকুর রহমান, তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
- অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ পর্যায়ে চীন ও জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিকে চলমান প্রক্রিয়ার অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
- ২৪ ঘণ্টার কম সময়ের ব্যবধানে দেশের বাজারে তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ ২২ ক্যারেটের ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৪৬৫ টাকা কমিয়ে ২১ হাজার ৭০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
- আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে দুই টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ১৪ পয়সা।
- গাজা উপত্যকা ও মিসরের মধ্যকার রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার পর ফিলিস্তিনিরা এই সীমান্ত দিয়ে যাতায়াত শুরু করেছেন। ২০২৪ সালের মে মাস থেকে ক্রসিংটি বন্ধ ছিলো। রাফাহ ক্রসিং পুনরায় খোলা অনেক ফিলিস্তিনির জন্য স্বস্তির খবর, কারণ তারা এটিকে বাইরের বিশ্বের সঙ্গে সংযোগের একটি জীবনরেখা হিসেবে দেখেন।
- রমজান সামনে রেখে নদী ও সমুদ্রে জাহাজকে ‘ভাসমান গুদাম’ বানিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে অভিযানে পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন।
দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...








